
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক এবং ‘দৈনিক সংবাদ’ পত্রিকার প্রবীণ বার্তা পরিবেশক সাংবাদিক আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শেষরাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থিত নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক কন্যা, নাতি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এই সাংবাদিক এক মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় শয্যাশায়ী ছিলেন। এর আগে গত ১৭ আগস্ট হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর কিছুটা সুস্থ হলে তাঁকে বাসায় আনা হয়। প্রায় এক মাস আট দিন বাসায় চিকিৎসাধীন থাকার পর শুক্রবার শেষরাতে তিনি মারা যান।
মরহুমের ভাতিজি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বাদ জুমা পৌর মালশাপাড়া কবরস্থান মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
সাংবাদিক আব্দুল কুদ্দুস ‘দৈনিক সংবাদ’ পত্রিকার বার্তা পরিবেশক হিসেবে সাংবাদিকতা শুরু করেন এবং আমৃত্যু তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাঁর প্রয়াণে সিরাজগঞ্জের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।