
এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশ চতুর্থ ম্যাচে প্রথম পয়েন্ট অর্জন করেছে। আজ পুল এ’র ম্যাচে কাজাখস্তানের সাথে ৩-৩ গোলে ড্র করেছে বাংলাদেশ।
গিফু প্রিফেকচারাল গ্রীন স্টেডিয়ামে আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের মেয়েরা কাজাকদের সাথে দারুণ লড়াই করেছে। ম্যাচের ২ মিনিটে আইরিনের পেনাল্টি কর্নারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ৷ প্রথম কোয়ার্টারে এই এক গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।
দ্বিতীয় কোয়ার্টারে কাজাখস্তান গোল পরিশোধ করে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায়।
তৃতীয় কোয়ার্টারে পাঁচ মিনিটের ব্যবধানে কাজাখরা দুই গোল দিয়ে ৩-১ এর লিড নেয়। তবে কনা আক্তারের গোলে বাংলাদেশ আবারও লড়াইয়ে ফিরে।
শেষ কোয়ার্টার বাংলাদেশ দুর্দান্ত খেলে কাজাখদের রুখে দেয়। ৪৭ মিনিটে পিসি থেকে অর্পিতা পালের গোলে বাংলাদেশের এক পয়েন্ট নিশ্চিত হয়।
এর আগে এশিয়ান গেমসের প্রথম তিন ম্যচে বাংলাদেশ চায়না, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার কাছে পরাজিত হয়েছে।
চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে বাংলাদেশ গ্রুপের তলানিতে রয়েছে। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।