
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম। তৃতীয়বারের মতো উপজেলার ২৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে তিনি শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৮ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা পদক -২০২৬ কমিটির স্বাক্ষাৎকার শেষে তাকে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব মোহাম্মদ নুরুল হুদা তালুকদার। তিনি বলেন, ‘বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদান থেকে শুরু করে সমাবেশ, খেলাধুলা, সাংস্কৃতিক, পাঠদান দক্ষতা, হোম ভিজিট, সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা ও তথ্যপ্রযুক্তির দক্ষতাসহ নানা বিষয় বিবেচনায় এনে তাকে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত করা হয়েছে। আজকে (বুধবার) ওই শিক্ষককে জেলা পর্যায়ে পাঠানো হয়েছে।’
নজরুল ইসলাম চালিতাডাঙ্গা ইউনিয়নের ১২নং শিমুলদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত। তিনি মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে তাঁর প্রথম যোগদান ২০১২ সালের সেপ্টেম্বরে। শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘এর আগেও দুবার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছিলাম। এই শ্রেষ্ঠত্ব আমাকে আরও দায়িত্ব বাড়িয়ে দিল।’