বিলুপ্তপ্রায় দেশীয় মাছের প্রজাতি ফিরিয়ে আনা ও মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিভিন্ন জলাশয় ও নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার ১৩ টি স্থানে মোট ২৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে উপজেলা পরিষদ পুকুরসহ বিভিন্ন জলাশয় ও নদী রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ পুকুর ঘাটে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা। এসময় উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
চিত্রা রানী সাহা, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসিন রেজা, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এ সময় সংসদ সদস্য সেলিম রেজা বলেন, দেশীয় অনেক মাছের প্রজাতি বর্তমানে বিলুপ্তির পথে। জলাশয় ও নদীতে পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত করার পাশাপাশি মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধ করা গেলে দেশীয় মাছের বৈচিত্র্য ফিরিয়ে আনা সম্ভব হবে। দেশীয় মাছ সংরক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাজীপুর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় ১৩টি অভ্যন্তরীণ জলাভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮৫.৭ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। #