কাজিপুরে উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুর আড়াইটায় কাজিপুর উপজেলা খাদ্য গুদাম চত্বরে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এই প্রক্রিয়ায় যাতে কোনো কৃষক বা মিল মালিক হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ও কাজিপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা অলিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদস্য সচিব শফিকুল আলম, কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস, খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় কৃষকগণ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে চাল কেনা হচ্ছে। স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে এবং বিক্রয়লব্ধ টাকা সরাসরি কৃষকের ব্যাংক হিসেবে জমা হবে।
“কৃষক বাঁচলে বাঁচবে দেশ”—এই স্লোগানকে সামনে রেখে সংগ্রহ অভিযানে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কাজিপুর খাদ্য গুদাম কর্মকর্তা অলিউর রহমান জানান, চলতি মৌসুমে ১৩০৮ মে:টন ধান, ১২৩৪ মে:টন চাল, ২৮২ মে:টন আতপ চাল ও ৫৯ মে:টন গম সরকারি দরে ক্রয় করা হবে। #