বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

জ্যাকসের অলরাউন্ড নৈপুন্যে জয় দিয়ে শুরু ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 4:45 pm, বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

উইল জ্যাকসের অলরাউন্ড নৈপুন্যে জয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে ইংল্যান্ড।

গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড ৮৯ রানে হারিয়েছে শ্রীলংকাকে। ব্যাট হাতে ৪৬ রানের পাশাপাশি বল হাতে ২২ রানে ৫ উইকেট নেন জ্যাকস।

চেষ্টার লি স্ট্রিটে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক হ্যারি ব্রুকের হাফ-সেঞ্চুরিতে ৩৫ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিলো ইংল্যান্ড। এসময় ৭টি চারে ব্রুকের ৬৭ রানের পাশাপাশি জো রুট ৪৪, বেন ডাকেট ৩২ ও জশ বাটলার ৩১ রান করেন।

পরের দিকে জ্যাকসের সাথে আর কোন ব্যাটার সঙ্গ দিতে না পারলে ৪৮ দশমিক ১ ওভারে ২৬৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ৫টি চারে ৪৭ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন জ্যাকস।

বল হাতে শ্রীলংকার আসিথা ফার্নান্দো ও অভিষিক্ত স্পিনার সাচিন্দু কলোম্বাগে ৩টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে স্বীকৃত ব্যাটাররা বড় কোন জুটি গড়তে না পারায় ১০০ রান তুলতেই ৫ উইকেট হারায় শ্রীলংকা। উপরের সারির ব্যাটারদের মধ্যে অধিনায়ক কুশল মেন্ডিস সর্বোচ্চ ৪২, পাথুম নিশাঙ্কা ২৭ ও কামিন্দু মেন্ডিস ১৪ রান করেন।

এরপর ১৩৩ রানে সপ্তম উইকেট পতনে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে শ্রীলংকা। তবে অস্টম উইকেটে দুশমান্থ চামিরা ও দুনিথ ওয়েলালাগের ৩৬ বলে ৪৩ রানের জুটিতে ১৭৬ রানে পৌঁছায় লংকানরা।

৩৭তম ওভারে তিন উইকেট তুলে নিয়ে শ্রীলংকাকে ১৭৬ রানেই আটকে দেন জ্যাকস।

ওয়েলালাগে ৩৬ বলে ৪৫ রান করেন। ৭ ওভার বল করে ২২ রানে ৫ উইকেট নেন জ্যাকস। ২৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে সেরা বোলিং পারফরমেন্সে ম্যাচ সেরা হন এই ইংলিশ ক্রিকেটার।

আগামীকাল লিডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে দু’দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com