
অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি করেছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান। বোলারদের তালিকায় শীর্ষে দশে ঢুকেছেন তারা। বুধবার আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি বোলিং র্যাংকিং হালনাগাদে এ তথ্য জানা যায়।
র্যাংকিংয়ে ৬৬১ রেটিং পয়েন্ট নিয়ে নাসুম আহমেদের অবস্থান অষ্টম। আগের অবস্থান থেকে তিন ধাপ এগিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
নাসুমের পরেই আছেন মেহেদি। ৬৫৪ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন তিনি। আগের অবস্থান থেকে এক লাফে ১০ ধাপ এগিয়েছেন তিনি।
র্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। তার রেটিং ৭২০। মাত্র দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের আবরার আহমেদ। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ৭০০ পয়েন্ট নিয়ে তৃতীয়।
ইংল্যান্ডের আদিল রশিদ চতুর্থ, অস্ট্রেলিয়ার নাথান এলিস পঞ্চম এবং ইংল্যান্ডের জেমি ওভারটন ষষ্ঠ অবস্থানে রয়েছেন। ভারতের অক্ষর প্যাটেল ৬৬৪ পয়েন্ট নিয়ে সপ্তম। সেরা দশের শেষ নামটি ভারতের জাসপ্রিত বুমরাহর। তার রেটিং ৬৪৯।