
সিলেটে অনলাইনে রেলওয়ের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু রেলের টিকিট ও মোবাইল ফোন জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সিলেট রেল স্টেশন এলাকায় এই অভিযান চালায় জেলা প্রশাসন।
অভিযানে আটকরা হলেন-সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর এলাকার সঞ্জীব দাসের ছেলে সঞ্জয় দাস এবং সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর এলাকার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের। তারা দু’জনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য বলে জানা যায়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম। এ সময় অভিযানে সহযোগিতা করেন রেলওয়ে থানা পুলিশ, দক্ষিণ সুরমা থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা।
জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সিলেট রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টিকিট কালোবাজারির সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়। তারা অনলাইনে অবৈধভাবে রেলের টিকিট ক্রয় ও ডাউনলোড করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
আটকের সময় তাদের কাছে থাকা টিকিট এবং ব্যবহৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা যায়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম বাসস’কে বলেন, রেলওয়ের টিকিট কালোবাজারি বন্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আগামী কয়েক দিনের মধ্যে সিলেটে রেলওয়ের টিকিট কালোবাজারির ঘটনা অনেকাংশে কমে আসবে বলেও জানান তিনি।