গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সার নিতে এসে দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। ডিলার মজুদ থাকা সার নিয়মিত বিতরণ করলেও সার নিতে প্রতিদিনই শত শত কৃষককে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এতে কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায় উপজেলার বামনডাঙ্গায় সার নিতে আসা কৃষকদের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল থেকেই কৃষকরা সার পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে থাকেন। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ার অভিযোগ করেন। এতে তীব্র ভিড়ের মধ্যে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
কৃষকদের অভিযোগ, সার বিতরণ চলছে, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে। একজন কৃষক বলেন, “সার নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সময়মতো সার না পেলে জমিতে সার প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে। আমরা দ্রুত ও সহজভাবে সার পাওয়ার ব্যবস্থা চাই।”
আরেক কৃষক বলেন, “কৃষিকাজের ব্যস্ত সময়ে সার নেওয়ার জন্য দিনের বড় একটা সময় লাইনে কাটাতে হচ্ছে। এভাবে চলতে থাকলে কৃষকদের ভোগান্তি আরও বাড়বে। প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা দরকার।”
কৃষকদের অনেকেই সার বিতরণ ব্যবস্থা আরও সহজ করার পাশাপাশি দ্রুত অতিরিক্ত বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান। কেউ কেউ দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করারও দাবি করেন।
এদিকে সার বিতরণ কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, “আমাদের সারের চাহিদা ঠিকই আছে। এরপরও অতিরিক্ত বরাদ্দের চাহিদা দেওয়া হয়েছে। হয়তো অনেক কৃষক আগামী মৌসুমের জন্য আগেভাগেই সার সংগ্রহ করছেন। এ কারণেই বর্তমানে এত ভিড় দেখা যাচ্ছে।”
কৃষকদের দাবি, দ্রুত অতিরিক্ত বরাদ্দের ব্যবস্থা করে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা হলে দীর্ঘ লাইনের পাশাপাশি তাদের ভোগান্তিও কমবে।