বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

হামজার লড়াকু পারফরম্যান্সে জয়ে ফিরল শেফিল্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 2:22 pm, বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নরউইচ সিটির কাছে প্রথম হারের সেই তেতো স্বাদটা বেশিক্ষণ জমতে দিল না শেফিল্ড ইউনাইটেড। দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে ব্ল্যাকবার্ন রোভার্সকে ২-১ গোলে হারিয়েছে দলটি। শেফিল্ডের এই গুরুত্বপূর্ণ জয়ে আলো ছড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী। পুরো ম্যাচজুড়ে তার লড়াকু ও দায়িত্বশীল পারফরম্যান্স ছিল দেখার মতো।
এউড পার্কে শনিবারের হারের ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল শেফিল্ড।

তবে ম্যাচের শুরুটা খুব একটা সহজ ছিল না। স্বাগতিক ব্ল্যাকবার্নই প্রথম লিড নেয় ক্রিস্টি মন্টগোমারির চমৎকার গোলে। পিছিয়ে পড়ার পর শেফিল্ডের রক্ষণভাগ ও মাঝমাঠ গুছিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন হামজা। মাঝমাঠে বলের দখল রাখা এবং রক্ষণকে সামলানোর কাজে দারুণ ভারসাম্য বজায় রাখেন তিনি।

এর মাঝে গোলরক্ষক মাইকেল কুপারের দুর্দান্ত দুটি সেভ শেফিল্ডকে ম্যাচে টিকিয়ে রাখে।
পরবর্তীতে টম ক্যানন ও সিডি পেকের টানা দুটি গোল শেফিল্ডকে খেলায় ফেরানোর পাশাপাশি জয়ের বন্দরে পৌঁছে দেয়। ম্যাচ শেষে শেফিল্ডের খেলা খুব বেশি নজরকাড়া না হলেও খেলোয়াড়দের লড়াই করার তীব্র মানসিকতার প্রশংসা করেছেন কোচ ক্রিস ওয়াইল্ডার।

ম্যাচ শেষে ওয়াইল্ডার বলেন, ‘দল আরো ভালোভাবে ম্যাচটি নিয়ন্ত্রণে রাখতে পারত। তবে ক্লাবকে ঘিরে বাইরে অনেক আবেগ ও আলোচনা চলায় সমর্থকদের শান্ত থাকা প্রয়োজন।

’ চলতি মৌসুমে ছয় ম্যাচে দুটি জয়, তিনটি ড্র ও এক হারে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে শেফিল্ড। এটিকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই উল্লেখ করে ওয়াইল্ডার যোগ করেন, ‘গত মৌসুমে দলের সেরা তিন সৃজনশীল খেলোয়াড়কে হারানোর পরও আমরা সুবিধাজনক অবস্থানে আছি।’
ব্ল্যাকবার্নকে হারিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে উঠে এসেছে শেফিল্ড। বর্তমানে শীর্ষস্থানে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের চেয়ে তারা মাত্র দুই পয়েন্ট পিছিয়ে। শেফিল্ডের এই ঘুরে দাঁড়ানোর মিশনে হামজার পরিশ্রমী মানসিকতা ও ধারাবাহিকতা সামনে দলটির বড় শক্তি হয়ে উঠতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com