সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত কৃষক কার্ড বাস্তবায়নে সুন্দরগঞ্জ উপজেলায় কৃষকের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে এ কার্যক্রমের আওতায় এ উপজেলায় একটি মাত্র ব্লকে কৃষকের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার অন্য সকল ব্লকে তথ্য সংগ্রহ করা হবে। এ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড অর্থাৎ ২ নং ব্লকে কৃষকের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ব্লকে একযোগে ১৮ টি পয়েন্টে মোট ১৮ জন কর্মকর্তা তথ্য সংগ্রহ করছেন। গত ১৬ জুলাই থেকে শুরু হয়ে আগামী মাসের ২ তারিখ পর্যন্ত এই ব্লকের কার্যক্রম চলবে।
তথ্য সংগ্রহ করতে প্রতিটি পরিবারের গৃহকর্তার সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে কৃষকের নাম, ঠিকানা, তার জমির পরিমাণ, গরু, ছাগল, হাঁস মুরগির তথ্য, কি কি ফসল চাষ করেন কতটুকু জমিতে, কি কি সার প্রয়োগ করেন ও সারের পরিমাণ, পরিবারের সদস্য সংখ্যা, মোবাইল নম্বর, মোবাইলের ধরণ, সরকারি কোন সুবিধা পেয়েছেন কিনা, লেনদেনের জন্য বিকাশ বা নগদ হিসাব খোলা আছে কিনা, স্ত্রীর তথ্য, নমিনীর তথ্য, শিক্ষাগত যোগ্যতা, কোনো খামার আছে কিনা, পেশা, আয়ের উৎস, নার্সারির তথ্য, ফল বাগানের তথ্য, বীজের উৎস, জমি বর্গা বা বন্ধকের তথ্য, কৃষি প্রশিক্ষণ পেয়েছেন কিনা, কৃষি ঋণ আছে কিনা, কোন বীমা আছে কিনা এধরণের মোট ২৩ টি তথ্য সংগ্রহ করবেন তথ্য সংগ্রহকারীরা।
তথ্য সংগ্রহকারী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, প্রতিদিন ২৫ থেকে ৩০ জন কৃষকের তথ্য সংগ্রহ করা যায়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবি মিজানুর রহমান বলেন, একটি ব্লকে ১৮ টি পয়েন্টে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাইয়ুম চৌধুরী বলেন, সুন্দরভাবে তথ্য সংগ্রহের কাজ করা হচ্ছে।