
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের কাজিপুরে ৩৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বেলা এগারোটায় কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কাজিপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুজাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কাজিপুর উপজেলা কৃষি অফিসার সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরের খরিপ মৌসুম প্রনোদনা কর্মসূচির অধিনে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষক ও স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদ এবং মন্দির-সামাজিক প্রতিষ্ঠান ফলদ, বনজ, ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। প্রতিজন ৫টি করে মোট ৩৩০ জন এ চারা পাবেন।
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকার কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব চারা সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করা হলে ভবিষ্যতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।”
কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, “ফলজ ও বনজ গাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবুজ বাংলা গড়ার লক্ষ্যে ও সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন। সবাইকে বিতরণকৃত চারাগুলো যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানাই।” অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে গাছের চারা, সার তুলে দেওয়া হয়।
কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি
সবুজ বাংলা গড়ার লক্ষ্যে এবং সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করবে। স্থানীয়দের মতে, কাজিপুরে এ ধরনের বৃক্ষরোপণ ও কৃষি প্রণোদনা কার্যক্রম একদিকে যেমন পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে কৃষকদের আয় বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।
সবুজ বাংলা গড়ার লক্ষ্যে অনুষ্ঠানে কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রত্যেক কৃষককে ৫ প্রকারের বৃক্ষের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ১৫০ কেজি গোবর সার/জৈব সার বিতরণ করা হয়।