মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

কোল্ড স্টোরেজ ভাড়া কমাতে ৭ দিনের আল্টিমেটাম কৃষকদের, না হলে দেশজুড়ে আন্দোলন

জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : 11:03 am, সোমবার, ২২ জুন, ২০২৬

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে জয়পুরহাটের কালাইয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শতাধিক কৃষক। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতারা।

শনিবার (২১ জুন) বেলা ১১টায় কালাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশন (আলু)-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এ.কে.এম. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আব্দুল হকসহ সংগঠনের অন্যান্য সদস্য ও উপজেলার বিভিন্ন এলাকার আলুচাষিরা।

বক্তারা বলেন, আলু বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তরাঞ্চলের জয়পুরহাট, বগুড়া, মুন্সিগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার লাখো কৃষক আলু চাষের ওপর নির্ভরশীল। কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধি ও সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা চরম সংকটে পড়েছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত কয়েক বছরে বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রমিক মজুরি ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাজারে আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা বাধ্য হয়ে হিমাগারে আলু সংরক্ষণ করেন। কিন্তু কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি পাওয়ায় তাদের লোকসানের বোঝা আরও বাড়ছে। কৃষকদের দাবি, ২০২৩ সালে প্রতি বস্তা (প্রায় ৬০-৬৫ কেজি) আলু সংরক্ষণের ভাড়া ছিল ২৪০ থেকে ২৮০ টাকা। ২০২৪ সালে তা বেড়ে ৩০০ টাকায় পৌঁছায়। ২০২৫ সালে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রতি কেজি ৮ টাকা হারে ভাড়া নির্ধারণ করলে ৬৫ কেজির একটি বস্তার ভাড়া দাঁড়ায় ৫২০ টাকা। পরে কোল্ড স্টোরেজ মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে তা ৩৬০ টাকায় পুনর্নির্ধারণ করা হয়।

কৃষকদের দাবি, প্রতি কেজি ৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করে ৬০ কেজির একটি বস্তার জন্য সর্বোচ্চ ৩০০ টাকা ভাড়া নেওয়া হোক।

মানববন্ধনে সংগঠনের সভাপতি এ.কে.এম. রেজাউল ইসলাম জানান, কোল্ড স্টোরেজ ভাড়া কমানোর দাবিতে দেশের বিভিন্ন স্থানে একযোগে আন্দোলন চলছে। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা প্রশাসনের কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে কৃষকরা দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।

বক্তারা আরও বলেন, উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য না রেখে সংরক্ষণ ভাড়া বাড়ানো হলে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। এতে ভবিষ্যতে অনেক কৃষক আলু চাষে নিরুৎসাহিত হবেন, যা জাতীয় পর্যায়ে আলু উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশ নেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com