ঢাকার সদর ঘাট এলাকায় আজ (৭ই জুলাই, রবিবার) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিকাল সাড়ে ৫টার দিকে রথযাত্রাটি জনসন রোড দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা জজ কোর্ট এলাকা অতিক্রম করে। এসময় রথযাত্রীদের কণ্ঠে জয় জগন্নাথ স্লোগান উচ্চারিত হতে শোনা যায়। এর আগে ঢাকা জজ কোর্ট সংলগ্ন শাঁখারী বাজারের মন্দিরগুলোতে হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং মন্দিরের পুরোহিতগণকে দীর্ঘ সময় ধরে রথযাত্রার প্রস্তুতি নিতে দেখা যায়।
উল্লেখ্য, প্রধান রথযাত্রা আজ রোববার দুপুর ৩টায় রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। উল্টো রথযাত্রা আগামী ১৫ জুলাই দুপুর তিনটায় ঢাকেশ্বরী মন্দির হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।
রথযাত্রা জনিত যানজট এড়াতে স্বামীবাগ রোডস্থ স্বামীবাগ আশ্রম (ইস্কন, ঢাকা) হতে জয়কালি মন্দির মোড় → ইত্তেফাক মোড় → শাপলা চত্ত্বর → দৈনিক বাংলা মোড় → রাজউক ক্রসিং → গুলিস্তান → গোলাপশাহ মাজার → পুলিশ হেডকোয়ার্টার্স→ সরকারি কর্মচারী হাসপাতাল → হাই কোর্ট মাজার → দোয়েল চত্ত্বর → কেন্দ্রীয় শহীদ মিনার → জগন্নাথ হল → পলাশী → ঢাকেশ্বরী জাতীয় মন্দির রুটে চলাচলকারী যানবাহন সমূহকে বিকল্প রাস্তা ব্যবহার করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।