ময়মনসিংহ – কিশোরগঞ্জ ২ লেন আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে ঈশ্বরগঞ্জ পৌরসভা হতে বাজার হয়ে শিমুলতলা মোড় পর্যন্ত ১.৬৮৫ কিলোমিটার রাস্তা ৪ লেনে উন্নীতকরণের প্রথম পর্যায়ে ১৮ কোটি ৬৫ লক্ষ টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। গত ২৬ জুন ২০২৪ ইং তারিখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রসঙ্গত, কাঁচামাটিয়া নদী বিধৌত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে তথা প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ঈশ্বরগঞ্জ বাজারটি এই অঞ্চলের অন্যতম বড়, প্রাচীন এবং বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। বাজারটিকে ঘিরে রয়েছে অনেকগুলো স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও রয়েছে ঈশ্বরগঞ্জ থানা, উপজেলা পরিষদ, ঈশ্বরগঞ্জ, গৌরীপুর ও নান্দাইল চৌকি আদালতসহ বহু সরকারি-বেসরকারী অফিস। যার ফলে বাজার এলাকাটি সবসময়ই লোকে লোকারণ্য হয়ে থাকে এবং বাজারটির মধ্য দিয়ে অতিক্রম করা ময়মনসিংহ – কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই অংশটিতে সবসময় যানজট লেগে থাকে। উল্লেখ্য, ময়মনসিংহ – কিশোরগঞ্জ, ময়মনসিংহ – ভৈরব বাজার ও ময়মনসিংহ – সিলেট রুটের সকল যানবাহন ঈশ্বরগঞ্জ বাজার হয়ে চলাচল করে থাকে।
বাজারটিকে যানজট মুক্ত করার লক্ষ্যে এই অংশের রাস্তাটুকু ৪ লেনে উন্নীত করার জন্য ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদ হাসান সুমন গত ৯ মে ২০২৪ ইং তারিখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বরাবর একটি প্রত্র প্রদান করেন। তার প্রেক্ষিতে ঈশ্বরগঞ্জ পৌরসভা হতে বাজার হয়ে শিমুলতলা মোড় পর্যন্ত রাস্তা চার লেনে উন্নীতকরণের প্রথম পর্যায়ে ১৮ কোটি ৬৫ লক্ষ টাকার প্রকল্প অনুমোদিত হলো।
প্রকল্পটি অনুমোদিত হওয়ায় ঈশ্বরগঞ্জের সাধারণ জনগণ আনন্দ প্রকাশ করেছেন। এই ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য জনাব মাহমুদ হাসান সুমন জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি এই এলাকার সার্বিক উন্নয়ন ও যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে বলে তাঁর বিশ্বাস।