ময়মনসিংহ অঞ্চলের বহু মানুষের মনে রাসেল’স ভাইপার আতঙ্ক ছড়িয়ে পরেছে। সম্প্রতি একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই আতঙ্কের সৃষ্টি হয়।
কয়েকদিন আগে Md Kawsar (লিংক- https://www.facebook.com/profile.php?id=100063743180759&mibextid=ZbWKwL) নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাস্তার পাশে পরে থাকা একজোড়া মৃত রাসেল’স ভাইপার সাপের ছবি পোস্ট করে দাবী করা হয় যে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলাধীন সোহাগী ইউনিয়নের সাহেবনগর গ্রামে এই সাপ দুটোকে পাওয়া গিয়েছে এবং পিটিয়ে মারা হয়েছে। গত কয়েকদিনে পোস্টটি ব্যাপক শেয়ার হওয়ার কারণে দ্রুত এই খবর ছড়িয়ে পরলে উপজেলা তথা পুরো ময়মনসিংহ অঞ্চলের জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে। উক্ত পোস্টটি এই প্রতিবেদকের দৃষ্টিগোচর হলে অনুসন্ধান করে জানা যায়, ওই এলাকায় এরকম কোনো সাপ দেখা যায়নি। এলাকায় রাসেল’স ভাইপার সাপ পাওয়া যাওয়া নিয়ে ফেসবুকের সেই পোস্টের কথা শুনে স্থানীয় অনেকেই অবাক হন। সাহেব নগর মধ্যপাড়ার বাসিন্দা মো. আলমগীর কবির ভূঁইয়া সহ বেশ কয়েকজনকে ওই পোস্টের সত্যতার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা জানান, এই খবর সম্পূর্ণ গুজব। তাদের এলাকায় রাসেল’স ভাইপার সাপের দেখা পাওয়া যায়নি। এমনকি গত কিছুদিনের মধ্যে এই এলাকায় অন্য প্রজাতির কোনো বিষধর সাপের দেখা পাওয়া বা মারার ঘটনাও ঘটেনি। ছবিতে যে রাস্তাটি দেখা গেছে তেমন কোনো রাস্তাও ওই এলাকায় নেই। ভাইরাল হওয়ার উদ্দেশ্যে পোস্টদাতা এমন ভুয়া খবর ছড়িয়েছেন। অধিকতর অনুসন্ধানে জানা যায়, ফেসবুকে পোস্টকৃত রাসেল’স ভাইপার সাপের ছবিটি বেশ পুরনো। ছবিটি ফেসবুক বা গুগল থেকে সংগ্রহ করে পোস্টকারী তার নিজের টাইম লাইনে শেয়ার করে গুজব ছড়িয়েছেন। এই ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য পোস্টকারী কাওসারের ফেসবুক মেসেঞ্জারে ক্ষুদেবার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। তবে সেই পোস্টে তার কিছু মন্তব্য থেকে প্রতীয়মান হয় যে নিছক মজার ছলে খামখেয়ালিবশত তিনি এমন মিথ্যা খবর পোস্ট করেছেন।