
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সিরাজগঞ্জ-১ আসনের ১৬ টি ইউনিয়নে বিএনপি মনোনীত
চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাজীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য জনাব মোঃ সেলিম রেজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এবং মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক ভিপি অমর কৃষ্ণ দাস। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানাসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে তৃণমূলের মতামতের ভিত্তিতে যোগ্য ও জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা জানান, প্রথম দিনে ১৬ টি ইউনিয়নে ১৩৯ টি চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ফরম বিতরণ করা হয়েছে।