শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির পথে দেশগুলো ফিফা নির্বাচনে আপাতত সরে দাঁড়ানোর পরিকল্পনা নেই তাশিমার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কাজীপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ পাইকগাছায় আকভানে বিপর্যস্ত জনজীবন ঢাকায় পুলিশের অভিযানে আটক ২৯৯ ৫০ কারখানায় আজও কর্মবিরতি গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ কারখানার শ্রমিক কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি একযোগে পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে বদলি

প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির পথে দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 1:32 pm, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির পথ তৈরিতে সম্মত হয়েছে বিভিন্ন দেশ। তবে কথিত ‘কিলার রোবট’ বা প্রাণঘাতী রোবটের ব্যবহার বন্ধে প্রচার চালানো সংগঠনগুলো এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে। তাদের মতে, সিদ্ধান্তটি প্রত্যাশার তুলনায় অনেকটাই দুর্বল।

জাতিসংঘে টানা পাঁচ দিনের কঠিন আলোচনা নির্ধারিত সময়ের পরও চলে। শেষ পর্যন্ত দেশগুলো আগামী দুই বছরের মধ্যে এ বিষয়ে কোনো ধরনের আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের উদ্যোগ নিতে সম্মত হয়।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। এ পরিস্থিতিতে বিভিন্ন বেসরকারি সংস্থা মানুষের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্বয়ংক্রিয় যন্ত্রের হাতে তুলে দেওয়ার বিষয়ে আরও দ্রুত এবং আইনগতভাবে বাধ্যতামূলক বিধিনিষেধ চেয়েছিল।

জেনেভায় প্রচলিত অস্ত্রবিষয়ক কনভেনশনের (সিসিডব্লিউ) পর্যালোচনা সম্মেলনে জাতিসংঘের অধীনে অনুষ্ঠিত আলোচনা শনিবার ভোর পর্যন্ত গড়ায়।

সম্মেলন শেষে সভাপতি জুলিয়েন থনি সাংবাদিকদের বলেন, সিসিডব্লিউর সদস্য ১২৮টি দেশ ‘প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার বিষয়ে একটি আন্তর্জাতিক আইনি দলিল প্রণয়নের উদ্যোগ নিতে সম্মত হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এ কাজ সম্পন্ন করার কথা।’

তবে এ সিদ্ধান্তে পৌঁছানোর পথ সহজ ছিল না। বিভিন্ন দেশের মধ্যে মতবিরোধ থাকায় ও যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বসম্মতির প্রয়োজন হওয়ায় আলোচনা জটিল হয়ে ওঠে।

অধিকাংশ দেশ আইনগতভাবে বাধ্যতামূলক একটি চুক্তির পক্ষে থাকলেও এ ধরনের প্রযুক্তির অধিকারী যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ কয়েকটি দেশ নিজেদের ওপর বিধিনিষেধ আরোপে অনিচ্ছুক।

থনি এএফপিকে বলেন, পরবর্তী আলোচনায় কোন কোন অস্ত্র আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী নিষিদ্ধ করা যায় এবং কোনগুলো নিষিদ্ধ না করে নিয়ন্ত্রণের আওতায় আনা যায়, তা নির্ধারণ করা হবে।

সুইস এই কূটনীতিক বলেন, কিছু দেশ ‘আলোচনা’ শব্দটি ব্যবহারে আপত্তি জানিয়েছিল। শেষ পর্যন্ত ‘প্রণয়ন’ শব্দটি ব্যবহারে তারা সম্মত হয়।

তবে প্রচারক সংগঠনগুলো বলেছে, গৃহীত সিদ্ধান্ত প্রত্যাশার ধারেকাছেও পৌঁছাতে পারেনি।

জোটটির নির্বাহী পরিচালক নিকোল ভ্যান রুইয়েন বলেন, ‘লক্ষ্য নির্ধারণের প্রক্রিয়ায় এআই ব্যবহারের মতো স্বয়ংক্রিয় অস্ত্রপ্রযুক্তি ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।’

তিনি বলেন, ‘আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি প্রণয়নে বিলম্ব বেসামরিক মানুষ ও মানবজাতিকে ঝুঁকির মুখে ফেলছে।’

হিউম্যান রাইটস ওয়াচের অস্ত্রবিষয়ক উপপরিচালক ভেরিটি কয়েল এ সিদ্ধান্তকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ‘নতুন নিয়মে সম্মত হতে যে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এ সিদ্ধান্তে তার প্রতিফলন নেই। অথচ প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com