
সিরাজগঞ্জের কাজীপুরে কাঠের ফার্নিচারের দোকানে ঝুলন্ত এলইডি বাল্বের ভেতর থেকে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। এ ঘটনায় সবুজ আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল উপজেলার কুনকুনিয়া গ্রামের একটি কাঠের ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সবুজ আহমেদের দেখানো মতে ওই দোকানে ঝুলন্ত একটি এলইডি বাল্বের ভেতর তল্লাশি চালিয়ে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সবুজ আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সবুজ আহমেদ ছালাভরা (কসাইপাড়া) গ্রামের মৃত আলামিনের ছেলে।
কাজিপুর থানা অফিসার ইনিচার্জ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।