
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলের খাসরাজবাড়ী ইউনিয়নের পীরগাছা গ্ৰামে মাত্র দেড় কিলোমিটার কাঁচা রাস্তার জন্য চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি
কাদা-পানিতে একাকার হয়ে পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পীরগাছা গ্ৰামে পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাসরাজবাড়ী দাখিল মাদ্রাসা, স্থানীয় বাজার ও মসজিদ রয়েছে। দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে এই কাঁচা রাস্তা দিয়েই প্রতিদিন শত শত মানুষকে যাতায়াত করতে হয়। কিন্তু দীর্ঘ দিনেও কাঁচা রাস্তাটি পাকা না হওয়ায় যাতায়াতে সবাইকে চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্ৰামে খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের নতুন কার্যালয় এবং পাশাপাশি দুটি হাট-বাজার গড়ে উঠেছে। সময়মতো কৃষি উৎপাদিত পণ্য, মালামাল বাজারে নিতে পারছেনা ব্যবসায়ীরা। ফলে বাড়তি পরিবহন খরচ গুনতে গিয়ে তারা আর্থিক লোকসানের মুখে পড়ছেন। এছাড়া কোনো জরুরি রোগী দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ থাকে না।
পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের। বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদা পেরিয়ে কোমলমতি শিশুদের বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় পোশাক ও বইখাতা কাদা লেগে নষ্ট হয়ে যায়। এতে বৃষ্টি নামলেই শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়।
এলাকাবাসীর অভিযোগ, কাঁচা রাস্তাটি পাকা করার জন্য দীর্ঘদিন ধরে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরছেন। বারবার কেবল আশ্বাস মিললেও বাস্তবে রাস্তাটির কোনো কাজ হয়নি। ভোগান্তি কমাতে অবিলম্বে কাঁচা রাস্তাটি পাকাকরণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলাম এবং পিআইও আব্দুর রাজ্জাক বলেন, আগামী অর্থবছরে রাস্তাটির পাকা করার পরিকল্পনা রয়েছে।