শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
টি-টোয়েন্টিতে গেইলের বিশ্ব রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস কিয়েভে গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী কাজিপুরে আইটি টেকনিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার  পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে রমরমা বাণিজ্য! কাজীপুরে যমুনার চরে দোল খাচ্ছে শুভ্র কাশবনের ঢেউ স্কুল ঘেঁষে ময়লার ভাগাড়ঃ দুর্গন্ধ-মশার উপদ্রবে ছয় মাস বন্ধ ভবনে পাঠদান কাজীপুরে কাঁচা রাস্তায় হাজারো মানুষের ভোগান্তি 

জীবন বাজি রেখে ১৭৪ যাত্রীকে বাঁচালেন পাইলট, স্যালুট তারকাদের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:31 pm, শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ইসরায়েলগামী একটি উড়োজাহাজে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করেছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। তার সাহস, কর্তব্যবোধ ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টে পাইলটের প্রশংসার পাশাপাশি তার দ্রুত সুস্থতাও কামনা করেছেন তারা।

ক্যাপ্টেন স্মিতকে উদ্দেশ করে শাহরুখ খান লেখেন, ‘যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। প্রতিকূলতার মুখোমুখি হয়ে নিজের নিরাপত্তা ঝুঁকিতে ফেলা সহজ নয়। কিন্তু যাত্রীদের রক্ষা করতে আপনি সেটিই করেছেন।
একজন ক্যাপ্টেনের দায়িত্ব কী, তা আপনার সাহস ও কর্তব্যবোধে ফুটে উঠেছে। দ্রুত সুস্থতা কামনা করছি। আপনাকে নিয়ে পুরো দেশ গর্বিত।’

শাহরুখের পর স্মিতের প্রশংসা করে পোস্ট দেন সালমান খানও।
তিনি লেখেন, ‘কামাল করে দিয়েছেন পাইলটজি। আমরা সবাই আপনাকে স্যালুট করি। আপনার সঙ্গে উড়তে পারলে আনন্দিত হব। ভালো করেছেন ভাই।’

ঘটনাটি ঘটে বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে।
উড়োজাহাজটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ২৭ জন শিশু।

অভিযোগ অনুযায়ী, উড্ডয়নের পর পাইলট স্মিত মাচ্ছারকে তার সহকারী পাইলট ছুরিকাঘাত করেন। একপর্যায়ে উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টাও করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ সময় প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় থাকা উড়োজাহাজটি ১৭ হাজার ফুটেরও বেশি নিচে নেমে যায়। পরে গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক শহরের প্রিন্স সুলতান বিন আবদেল আজিজ বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করানো হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্মিতকে উড়োজাহাজের গ্যালিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মুখে ছিল অক্সিজেন মাস্ক। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন দেখা যায়।

শুক্রবার আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে কথা বলেন স্মিত। প্রায় ১০ মিনিটের ওই কথোপকথনে তিনি ঘটনার বিস্তারিত জানান।

স্মিত জানান, ১৭ বছর ধরে পাইলট হিসেবে কাজ করছেন তিনি। এর মধ্যে ১১ বছর ধরে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। দুর্ঘটনার আশঙ্কায় উড়োজাহাজটি নিচের দিকে নেমে যাচ্ছে বুঝতে পেরেছিলেন তিনি। স্মিত বলেন, ‘আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। নিজেকে বললাম, দরজাটা তো ঠিক সামনেই। শুধু খুলে ফেলতে হবে। শেষ পর্যন্ত দরজাটি খুলতে পেরেছিলাম, এরপর মানুষজন ভেতরে ঢুকে পড়ে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্মিতের সাহস ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন। তার পদক্ষেপ মানুষের জীবন রক্ষা করেছে এবং ভারতীয় পাইলটদের সুনাম অক্ষুণ্ন রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

গুজরাটের বাসিন্দা স্মিত মোদিকে জানান, সংকটের সেই মুহূর্তে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। বিশেষ করে হিন্দু দেবতা হনুমানের উদ্দেশে প্রার্থনা করার কথাও জানান তিনি।

শাহরুখ ও সালমান ছাড়াও রণবীর সিং, ভিকি কৌশল, সানি দেওল ও তামান্না ভাটিয়াসহ আরও কয়েকজন বলিউড তারকা স্মিত মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com