
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. তাজমুন্নাহারকে কুষ্টিয়ার খোকসা উপজেলা শিক্ষা অফিসে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বদলির অংশ হিসেবে মোছা. তাজমুন্নাহারকে বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে কুষ্টিয়ার খোকসা উপজেলা শিক্ষা অফিসে বদলি করা হয়েছে।
বদলি আদেশ অনুযায়ী, আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ১৩ সেপ্টেম্বর অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. ওলিউজ্জামান।
বালিয়াকান্দিতে দায়িত্ব পালনের সময় তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষক হয়রানি ও প্রশাসনিক আচরণ নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের পর স্থানীয় শিক্ষকদের পক্ষ থেকে মানববন্ধন ও লিখিত অভিযোগ করা হয়। বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
অভিযোগকারীদের দাবি, তাঁদের উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তবে তাজমুন্নাহারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনো তদন্তে কী সিদ্ধান্ত হয়েছে বা তাঁর বিরুদ্ধে বিভাগীয়ভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
এদিকে তাজমুন্নাহারকে খোকসায় বদলি করায় সেখানকার কয়েকজন শিক্ষক উদ্বেগ প্রকাশ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে খোকসা উপজেলার একজন প্রধান শিক্ষক বলেন, তাঁর বিষয়ে বিভিন্ন অভিযোগের কথা শুনেছি। তিনি এখানে যোগ দিলে আমরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়ি, সেটিই এখন আমাদের উদ্বেগ।