বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়াকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত বলে মন্তব্য করেছেন রাশিয়ার পর্যবেক্ষকদল। রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিবৃতিতে তারা এ কথা জানান। রাশিয়ার পর্যবেক্ষকদল ঢাকা ও নারায়ণগঞ্জের ৮টি কেন্দ্রে ৪০টির বেশি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পর্যবেক্ষকদের প্রতিবেদনে বলা হয়, প্রতিটি কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের প্রস্তুতি ছিল দৃশ্যমান।
কমিশনের নির্দেশনা অনুযায়ী সুসংগঠিত পদ্ধতিতে ভোটগ্রহণ পরিচালিত হয়েছে। প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা দায়িত্বশীলভাবে কাজ করেছেন। পাশাপাশি বিভিন্ন দলের পোলিং এজেন্টদের উপস্থিতি নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থাকেও তারা শক্তিশালী হিসেবে উল্লেখ করেছেন।
আইন-শৃঙ্খলা রক্ষায় ৯ লাখের বেশি পুলিশ ও সেনাসদস্য মোতায়েন ছিল বলে প্রতিবেদনে জানানো হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা সামগ্রিক পরিবেশে প্রভাব ফেলেনি বলে মত দিয়েছে পর্যবেক্ষকদল।
ভোটারদের অংশগ্রহণ নিয়েও ইতিবাচক মন্তব্য করা হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রক্রিয়ার পর ভোটারদের আগ্রহ চোখে পড়ার মতো ছিল।
অনেক পরিবার শিশুদের সঙ্গে নিয়ে কেন্দ্রে এসেছে। রাজনৈতিক সমাবেশগুলোতে শুধু ব্যালটের মাধ্যমেই প্রতিযোগিতা হয়েছে বলে উল্লেখ করা হয়। সামগ্রিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ, কোথাও কোথাও উৎসবমুখর।
ভোট গণনাও পর্যবেক্ষকদের উপস্থিতিতে, পোলিং এজেন্ট ও ভিডিও নজরদারির মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। সফরকালে প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন এবং নির্বাচনী মানদণ্ড ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেন।
এসময় রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান এলা পামফিলোভার পক্ষ থেকে বাংলাদেশের কর্মকর্তাদের আসন্ন স্টেট ডুমা নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।
গত ১১-১২ ফেব্রুয়ারি সফরে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কমিশনার পাভেল আন্দ্রেয়েভের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় আসে।
প্রসঙ্গত, বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল ২০২৪ সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে অংশ নেয়। ২০১৯ সাল থেকে দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতা স্মারক কার্যকর রয়েছে।