নেত্রকোনার মদনে অস্ত্রের ভয় দেখিয়ে কবিরুল হাসান শামছু নামের এক ব্যবসায়ীর নগদ ২ লাখ ৩০ হাজার টাকা, ৪৮ হাজার টাকার মিনিট কার্ড ও ৮টি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভার কোর্ট ভবন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ব্যবসায়ী মঙ্গলবার মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মদন উপজেলা নির্বাহী অফিসারের পুরতান অফিস সংলগ্ন সেবা লাইব্রেরী ও তানহা টেলিকম নামের একটি দোকান দীর্ঘদিন ধরে পরিচালনা করছেন কবিরুল ইসলাম শামছু।
সোমবার রাতে দোকান বন্ধ করে কোট ভবন এলাকায় নিজ বাসায় ফিরছিলেন তিনি। সঙ্গে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা, ৪৮ হাজার টাকার মিনিট কার্ড ও ৮টি মোবাইল ফোন ছিল। নিজ বাসার সামনে পৌঁছতেই কয়েকজন যুবক মুখে গামছা বেধে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা-পয়সাসহ সব ছিনিয়ে নেন। তার চিৎকারে আশপালের লোকজন এগিয়ে এলে দুবৃত্তরা পালিয়ে যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান,‘গত রাতে ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার ঘটনাটি শুনেছি। আমি জেলায় মিটিং এ আছি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’