জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাটারি চালিত অটোরিকশা চুরির পর চালক লাইজু মিয়াকে হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (৯ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক মুহা. আনোয়ার ছাদাত এ রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন, সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা মো. মনি তাহেরি, মো. রুবেল মিয়া, মো. জাকির হোসেন ও সোহাগ। এরমধ্যে পলাতক রয়েছেন সোহাগ ও মো. জাকির হোসেন।
আদালতের সহকারী প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম আক্কাস জানান, ২০১৬ সালের ১ অক্টোবর সরিষাবাড়ীতে ইজি বাইক চুরির পর এর চালক লাইজু মিয়াকে শ্বাসরোধে হত্যা করেন আসামিরা। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় পুলিশ সন্দেহভাজন হিসেবে রুবেল মিয়া ও মনি তাহেরকে গ্রেপ্তার করে। পরে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ও ঘটনার বর্ণনা করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী আরো জানান, মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় ঘোষণা করেছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জনের উপস্থিতিতে এ রায় দেওয়া হয়েছে। এরমধ্যে বাকি ২ জন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।