শেরপুরের ঝিনাইগাতীতে দ্বিতীয় শ্রেণির এক আদিবাসী শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (২ জুন) দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বাগাছাস ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি সৌহার্দ্য চিরানের সভাপতিত্বে ও রুবেল নকরেকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ট্রাইবাল অয়েল ফেয়ার এসোসিয়েশনের ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান মি. নবেশ খকসী, শ্রীবরদী উপজেলা শাখার চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, ছাত্র সংগঠনের নেতা আলবা মৃ, অ্যান্টনী রেমা, সুমন্ত বর্মন, স্বতির্থ চিরান প্রমূখ। বক্তারা গ্রেপ্তারকৃত ফাহিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঝিনাইগাতী থানা সূত্রে জানা যায়, গত ২৮ মে ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও গ্রামের দ্বিতীয় শ্রেণির এক আদিবাসী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযুক্ত ফাহিমকে গ্রেপ্তার করে।