নেত্রকোনার মদনে ট্রাকের চাপায় রকি মিয়া (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে মদন-খালিয়াজুরি সড়কের সরকারি কলেজ মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রকি মিয়া নেত্রকোনার আটপাড়া উপজেলার বাউশা গ্রামের সোনা মিয়ার ছেলে।
এ ঘটনায় ট্রাকসহ বিজয় নামের এক ব্যক্তি থানায় আটক রয়েছে।
আটক ব্যক্তি ওই ট্রাক চালকের সহকারী বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রকি মিয়া মদন বাজারের রফিক ডেকোরেশনের দোকানে কাজ করতেন। মঙ্গলবার রাতে কাজ শেষে কুলিয়াটি থেকে দোকানের দিকে যাচ্ছিলেন রকি মিয়া। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।
পরে তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মদন থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র ঘোষ জানান, মরদেহের সুরতহার রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা পাঠানো হয়েছে।
ট্রাকসহ থানায় এক ব্যাক্তি আটক রয়েছে।