
সিএনআই নিউজ , ( ৩১ মে ) : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবারও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার দুপুরে খিলগাঁও জোড়পুকুর মাঠে দুঃস্থদের মাঝে খাবার বিতরণের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। রাজধানীর ৮ স্পটে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করার কথা রয়েছে তার।
এরপর পর্যায়ক্রমে মাদারটেকের আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়, মতিঝিলের অভিসার সিনেমা হল, গেন্ডারিয়া কাঠের পুল, দয়াগঞ্জ মোড় (যাত্রাবাড়ি), ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আলম মার্কেট জুরাইন এবং শ্যামপুর ঈদগাহ মাঠে (লাল মসজিদ) খাবার বিতরণ করবেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।