
পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়ারবাঘইল গ্রামে স্ত্রী সালমা খাতুনকে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামী শাহাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার বিকেলে মাদকসেবী শাহাবুল বাড়ির পাশে রেললাইনের ধারে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে গামছা দিয়ে হাত বেঁধে সালমা খাতুনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঈশ্বরদী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঘটনার গভীর রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরদিন সোমবার রাত ৮টার দিকে মারা যান তিনি।
পুলিশ জানায়, এ ঘটনায় সোমবার রাতে নিহত সালমার স্বামী শাহাবুলসহ ৫ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন-শাহাবুলের মা হালিমা বেগম, বড় ভাই আমজাদ হোসেন, মেজো ভাই আজিজ ও সেজো ভাই মজিবর রহমান। সালমার চাচাতো ভাই আলম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, নিহত গৃহবধূ সালমা খাতুনের পরিবারের পক্ষ থেকে থানাতে মামলা দায়েরের পর সোমবার রাত ৩টার দিকে নিজ বাড়ি থেকে শাহাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।