বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

২৫ বাংলাদেশি আটক, ভারতীয় দালালও গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:16 pm, বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের কাঁকিপাড়া কদমতলা এলাকায় ২৫ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় এক ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকালে সন্দেহভাজন ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে আটক করে রাখেন। পরে বিএসএফকে খবর দেওয়া হলে বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।

এসময় রাজু রায় নামে এক ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কাজলতোড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, প্রতিজনের কাছ থেকে ১২ হাজার রুপি নেওয়ার বিনিময়ে তাদের নিরাপদে বাংলাদেশে ফেরত পাঠানোর আশ্বাস দিয়েছিলেন রাজু। আটকের ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিএসএফের ৯১ ব্যাটালিয়নের সীমান্ত চৌকিতে (বিওপি) নিয়ে সন্দেহভাজনদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের বয়ান রেকর্ড করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ডসহ বিভিন্ন পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বাংলাদেশের পরিচয়পত্রও পাওয়া গেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সন্দেহভাজনদের কুশমণ্ডি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকজন অপরিচিত ব্যক্তিকে ব্যাগপত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হয়। পরিচয় জানতে চাইলে তারা ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা তাদের পিছু নিয়ে একটি আমবাগানে আটক করেন। পরে বিএসএফকে খবর দেওয়া হয়।

বুধবার কুশমণ্ডির বিজেপি বিধায়ক তাপস চন্দ্র রায় দাবি করেন, আটক সন্দেহভাজন বাংলাদেশিরা গত দুই বছর ধরে ভারতে বসবাস করছিলেন এবং জম্মু-কাশ্মীরে কর্মরত ছিলেন। দেশে ফেরার সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিএসএফ তাদের আটক করেছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, সব জায়গাতেই ধরা হবে। যারা ভারতীয় নাগরিক, তারা দেশে বসবাস করতে পারবেন। কিন্তু যারা ভারতীয় নাগরিক নন, ভারতে থাকার কথা নয়, তাদের ভারত ছাড়তে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com