
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পলাতক ফ্যাসিবাদের দোসররা নানাভাবে কাজ করছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার এবং কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে সরকার বরদাশত করবে না।
আজ রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, আগে থেকে সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন, যাতে মশার বংশবিস্তার না ঘটে।
ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে দেশের প্রতিটি পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার লার্ভা ধ্বংসের পাশাপাশি মশার বংশবিস্তার বন্ধে প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ নেওয়া গুরুত্বপূর্ণ।
রিজভী আরো বলেন, গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার কর্মী ও সংশ্লিষ্টরা বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।
মশার কামড় ও বংশবিস্তার থেকে রক্ষা পেতে এবং ডেঙ্গুর প্রকোপ কমাতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশিকা অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ডেঙ্গু পরীক্ষার খরচ প্রসঙ্গে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, আগে পরীক্ষার জন্য ৫০ টাকা ফি নেওয়া হলেও বর্তমানে সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। এখন যেকোনো নাগরিক সরকারি হাসপাতালে বিনা খরচে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন।
তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় সরকার বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তবে, এ বিষয়ে আরো কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।