
এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দ্বিতীয় জয় নিশ্চিত করে পদকের সম্ভাবনা জাগিয়ে তুলেছে বাংলাদেশ।
টোকাই সিটিজেন জিমনেসিয়ামে আজ অনুষ্ঠিত গ্রুপ-এ’র দ্বিতীয় ম্যাচে কঠিন লড়াইয়ের পর চাইনিজ তাইপেকে ৪৮-৪৭ পয়েন্টে পরাজিত করেছে বাংলাদেশ। আগামীকাল গ্রুপের তৃতীয় ম্যাচে জাপানকে হারাতে পারলে সেমিফাইনালের পাশাপাশি অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হবে বাংলাদেশের। যদিও গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
কাবাডির নিয়মানুযায়ী সেমিফাইনালে খেলা চারটি দলই পদক অর্জণ করে।
প্রথমার্ধে বাংলাদেশ ২৪-২০ পয়েন্টে এগিয়ে ছিল। একসময় বাংলাদেশ ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত চার পয়েন্টের লিড নিয়ে বিরতিতে যায়।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয়ার্ধে দুই দলই একে অপরের উপর চড়াও হয়ে খেলে। খেলোয়াড়দের মধ্যেও বেশ উত্তেজনা লক্ষ্য করা গেছে। তবে স্নায়ুচাপে শেষ পর্যন্ত জয় হয়েছে বাংলাদেশের। পুরো ম্যাচে বাংলাদেশের ৪টি লোনার বিপরীতে চাইনিজ তাইপে পেয়েছে ২টি লোনা।
ম্যাচ শেষে বাংলাদেশের কোচ আব্দুল জলিল স্বীকার করেছেন রক্ষনভাগের ভুলে ম্যাচটি এক পর্যায়ে কঠিন লড়াইয়ে পরিনত হয়। তবে শেষ পর্যন্ত স্বস্তির এই জয়ে তিনি আগামীকাল জাপানের বিপক্ষে জয়ের ব্যপারেও আশাবাদী।
এর আগে সকালে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়ে এশিয়ান গেমসে শুভ সূচনা করেছিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল।