শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

বিজ্ঞাপনের শুটিংয়ে গিয়ে গুরুতর চোট, শঙ্কায় রবীন্দ্র

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 11:24 am, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে ‘আকস্মিক দুর্ঘটনায়’ চোট পাওয়ায় ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ নিয়ে শঙ্কায় পড়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। শনিবার এই তথ্য জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

দল ব্যবস্থাপনার তথ্য অনুযায়ী, বুধবার স্বাগতিক সম্প্রচারকারী সংস্থার একটি প্রচারণামূলক অনুষ্ঠানে ডাইভিং দিয়ে ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে কাঁধে চোট পান রবীন্দ্র।

এক বিবৃতিতে বলা হয়েছে, ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়নি, তবে আগামী ২২ অক্টোবর শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারবেন কি না, তা এখনো ‘অনিশ্চিত’।

এই সিরিজের পরপরই রয়েছে পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ।

নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল জানান, শুটিংয়ের সময় নিরাপত্তা মাদুরে অস্বাভাবিকভাবে পড়ে গিয়েছিলেন রবীন্দ্র।

স্যান্ডল বলেন, ‘এটা সত্যিই দুর্ভাগ্যজনক একটা চোট।’

তিনি আরও বলেন, ‘রাচিনের জন্য আমরা সত্যিই মর্মাহত, আর আমাদের প্রধান লক্ষ্য হলো ও যেন ভালোভাবে সেরে ওঠে এবং যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারে, সেটা নিশ্চিত করা।’

‘আমাদের খেলোয়াড়দের জড়িয়ে যেকোনো বাণিজ্যিক শুটিংয়ের মতোই, এই কার্যক্রমও আগে থেকেই সব পক্ষের সম্মতিতে ঠিক করা হয়েছিল এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছিল’, বলেন তিনি।

তিনি যোগ করেন, ‘এটা অনেকটাই একটা আকস্মিক দুর্ঘটনা ছিল, আর ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান নিয়ে আমাদের প্রক্রিয়াগুলো পর্যালোচনা চালিয়ে যাব আমরা।’

বাঁহাতি ব্যাটসম্যান ও স্পিন বোলার রবীন্দ্র ২০২১ সালে অভিষেকের পর থেকে তিন ফরম্যাটেই নিউজিল্যান্ড দলের অন্যতম নির্ভরযোগ্য মুখ। এখন পর্যন্ত তিনি খেলেছেন ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ।

ভারতের সফরের আগে রবীন্দ্রর পুনর্বাসন প্রক্রিয়া সতর্কতার সঙ্গে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। এই সিরিজের পরই রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজ।

ওয়াল্টার বলেন, ‘সামনের ছয় মাসে টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচি থাকায়, প্রয়োজনের আগেই রাচিনকে তাড়াহুড়ো করে মাঠে ফেরাতে চাই না আমরা।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com