
গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মো. আনিচুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি গ্রামের আবর উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর ভোরে দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ভোর ৫টা ৫ মিনিটে গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এবং ৫টা ৩০ মিনিটে গোপালচরণ গ্রামের বাঘার ব্রিজসংলগ্ন তিন রাস্তার মোড়ে বিস্ফোরণ হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়।
এজাহারে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বিস্ফোরক উপাদান প্রস্তুত, ককটেল সদৃশ বোমা বিস্ফোরণ এবং তা দখলে রাখার অভিযোগ উল্লেখ করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই মো. মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে।