
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাধারণ ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বহরপুরে ‘ভয়েজ ফর হিউম্যানিটি ওয়ান স্টপ সার্ভিস ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়।
বহরপুরস্থ শান্তি মিশন ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। শান্তি মিশন ক্যাডেট একাডেমির আয়োজনে, পারমাথেরাপী হিলিং সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনায় এবং ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (DCR)-এর মেডিকেল সাপোর্টে ক্যাম্পটি পরিচালিত হয়।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুর রব তালুকদার, দৈনিক ভোরের রাজবাড়ীর সম্পাদক ও শান্তি মিশন ক্যাডেট একাডেমির প্রধান উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর হোসেন এবং একাডেমির সভাপতি মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও ক্যাম্প চিফ হিসেবে উপস্থিত ছিলেন ডা. দানিয়েল মু. আওরঙ্গজেব। তিনি ইউনানী মেডিসিন ও পাবলিক হেলথ বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে ক্যাম্পে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তি মিশন ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ড. নিম হাকিম।
দিনব্যাপী ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। এর মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন, চক্ষু, দন্ত, নাক-কান-গলা, হৃদরোগ ও বক্ষব্যাধি, লিভার, পরিপাকতন্ত্র ও কিডনি রোগ, বাত-ব্যথা, প্যারালাইসিস, মস্তিষ্ক ও স্নায়ুরোগ, চর্ম ও যৌন রোগ, শিশু ও কিশোর এবং প্রসূতি ও স্ত্রীরোগসহ বিভিন্ন বিভাগের সেবা ছিল।
এ ছাড়া ক্যাম্পে চোখ পরীক্ষা ও চশমার পাওয়ার নির্ণয়, ইউরিন ও কিডনি পরীক্ষা, রক্তের হিমোগ্লোবিন, সি-আরপি, টিএসএইচ, ব্লাড সুগার, HbA1c, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম এবং ফিজিওথেরাপিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা ছিল।
আয়োজকরা জানান, ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে দেশের বিভিন্ন এলাকায় চার শতাধিক মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে। এবারের ক্যাম্পের অন্যতম বিশেষ দিক ছিল সন্ধ্যায় সংকটপূর্ণ (ক্রিটিক্যাল) রোগীদের জন্য পৃথক মেডিকেল বোর্ড গঠন করে বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্ত প্রদান।
আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘সবার জন্য মানসম্মত চিকিৎসাসেবা’ নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী ক্যাম্পে বালিয়াকান্দি ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন।