
স্থানীয় সরকার নির্বাচনের আভাস মেলতেই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক নম্বর সোনামুখী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে দিনরাত গণসংযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন সোনামুখী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আসাদুজ্জামান বিপ্লব। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় আসাদুজ্জামান বিপ্লব সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সেলিম রেজার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে পরিচিত। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে সেলিম রেজার পাশে থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
সম্প্রতি সোনামুখী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন আসাদুজ্জামান বিপ্লব। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, মানুষের প্রত্যাশা ও স্থানীয় উন্নয়ন নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সাংগঠনিক যোগাযোগও জোরদার করছেন।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূল পরিস্থিতিতে এক নম্বর সোনামুখী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আসাদুজ্জামান বিপ্লব দলীয় কর্মীদের পাশে থেকেছেন। ফলে তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশের মধ্যে তাঁর প্রতি আস্থা তৈরি হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন।
সোনামুখী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব বলেন, “দীর্ঘদিন ধরে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতির পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার সুযোগ দেন, তাহলে ইউনিয়নের উন্নয়ন, মানুষের অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করতে চাই।” তবে শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থিতা ও রাজনৈতিক সমীকরণ কী দাঁড়ায়, তা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। এর মধ্যেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আসাদুজ্জামান বিপ্লব এর গণসংযোগ ও জনসম্পৃক্ততা এক নম্বর সোনামুখী ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। #