
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া-রঘুনাথপুর একটি গুরুত্বপূর্ণ সড়কের ওপরের ব্রিজ ধসে পড়ে মরণফাঁদে পরিণত হয়েছে। রাজনাথপুর গ্ৰামের পশ্চিম পার্শ্বে জোড়া ব্রিজ ভেঙে পড়ায় চরাঞ্চলের হাজার হাজার মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
চরগিরিশ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল ইসলাম জানান, জোড়া ব্রিজটি ছিল ওই অঞ্চলের মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান সড়ক। প্রতিদিন স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, মুসল্লি ও সাধারণ পথচারীসহ কয়েক হাজার মানুষ একমাত্র রাস্তা ও ব্রিজ ব্যবহার করে চলাচল করেন। আশপাশে রয়েছে একটি কলেজ, দুইটি মাধ্যমিক বিদ্যালয়, চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদরাসা, চারটি মসজিদ, দু’টি ঈদগাহ, দুইটি উপ স্বাস্থ্য কেন্দ্র এবং তিনটি গুরুত্বপূর্ণ বাজার।
এলাকাবাসী জানান, চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের একমাত্র রাস্তা জামালপুর জেলা শহর ও ঢাকা শহরে যাওয়ার পথ। এছাড়াও প্রায় ২০ হাজার মানুষের বসবাস হওয়ায় রাস্তা ও ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ৫/৬ বছর আগে বন্যায় তিনটি ব্রিজ হঠাৎ ধসে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে রোগী আনা নেওয়া করা, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নামাজে যাওয়া মুসল্লি, ব্যবসায়ী, কৃষি কাজ এবং সাধারণ মানুষ প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। তাই দ্রুত সময়ের মধ্যে জোড়া ব্রিজসহ তিনটি মেরামত করে জনসাধারণের চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। বিশেষ করে পাশ্ববর্তী সরিষাবাড়ী উপজেলার সাথে বাজারসহ বিভিন্ন ব্যবসায়িক ও নিত্যপ্রয়োজনীয় কাজে এই সড়কটিতে এই জোড়া ব্রিজটি মানুষের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। জোড়া ব্রিজটি ধসে পড়ার পর এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, জীবনের ঝুঁকি নিয়েই অনেকে বিকল্প সংকীর্ণ পথ ব্যবহার করে চলাচল করছেন। বর্ষাকাল ঘনিয়ে আসায় স্থানীয়দের শঙ্কা দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। চরাঞ্চলবাসী জানান, মাত্র ৫ থেকে ৬ বছর আগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ওই তিনটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। অল্প সময়ের মধ্যেই এটি ধসে পড়ায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবিলম্বে তিনটি ব্রিজ পুনর্নির্মাণ করা হলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরে আসবে।
কাজিপুর উপজেলার চরগিরিশ ইউপি সদস্য আনোয়ার হোসেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্রিজ ও রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন,। #