
ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া টবগী ইপি ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২৪ জুন বুধবার সকালে কলেজ মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলোয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পরীক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ ও বক্তব্য দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও ০৪ নং কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ সাদী হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াদুর রহমান মুরাদ। কলেজের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অফিস সহকারী আবদুল মালেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন: হাফিজ ইব্রাহিম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকারিয়া আজম, ইপি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাকসুদুর রহমান শিহাব, লালমোহন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ফিরোজ আলম, উত্তর চকঢোষ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, ডিটিএম হাইস্কুলের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে, দেবীপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও গ্রীন ভিউ মডেল স্কুলের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বাড়াতে তার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামুলক বক্তব্য রাখেন, কবি, লেখক ও সাংবাদিক গাজী তাহের লিটন। তিনি বলেন, দীর্ঘ দুই বছরের কঠোর অধ্যবসায়, পরিশ্রম ও নিয়মানুবর্তিতার পথ অতিক্রম করে পরীক্ষার্থীরা এখন আস্থা নিয়ে অগ্রসর হচ্ছে তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের বোর্ড পরীক্ষার পথে। শুধু উচ্চ শিক্ষিত হলেই হবেনা, আদর্শ মানুষও হতে হবে। দেশে উচ্চ শিক্ষিত ও মেধাবীর অভাব নেই, অভাব রয়েছে শুধু আদর্শ মানুষের।
অনুষ্ঠানের প্রান্ত সীমায় এসে পরীক্ষার্থী, শিক্ষার্থী, কলেজের শিক্ষকবৃন্দ ও অতিথিদের মাঝে এক বিদায়ী আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপর, পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়; যেখানে তাঁদের সুস্থতা, সফলতা ও জীবনের পরবর্তী পথচলার জন্য প্রার্থনা করা হয়।