বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ববি শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:19 pm, বুধবার, ২২ জুলাই, ২০২৬

চার দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে মিললো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের (২৭) অর্ধগলিত ঝুলন্ত মরদেহ। বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসার বন্ধ ঘরের তালা ভেঙে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় সড়কের একটি ভবনের নিচতলার কক্ষ থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত উচ্ছ্বাস জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনা বিভাগে।

সহপাঠী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে একটি বেসরকারি সংস্থায় যোগ দিয়ে বরিশালের বাইরে চলে যান উচ্ছ্বাস। তবে প্রায় দেড় মাস আগে চাকরি ছেড়ে তিনি পুনরায় বরিশালে ফেরেন এবং বিসিএসসহ সরকারি চাকরির প্রস্তুতির জন্য বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় একটি কক্ষ ভাড়া নেন। বরিশালে ফেরার বিষয়টি অধিকাংশ সহপাঠী না জানানোয় প্রায় চার দিন ধরে নিখোঁজ থাকলেও বিষয়টি কারও নজরে আসেনি।

মঙ্গলবার রাতে ওই ঘরের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা বিষয়টি বন্দর থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উচ্ছ্বাসের অর্ধগলিত দেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। খবর পেয়ে নিহতের বিভাগের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। সঠিক তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।”

এদিকে ঘটনার বিষয়ে অতিরিক্ত তথ্যের জন্য বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

অত্যন্ত মেধাবী ও প্রাণবন্ত এই শিক্ষার্থীর এমন করুণ পরিণতিতে সহপাঠী ও পুরো ববি ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com