
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী এলাকায় মাদক সেবনের অভিযোগে মো. নজরুল মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ জুন ২০২৬) দুপুরে এ দণ্ডাদেশ প্রদান করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
জানা যায়, উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী এলাকার বাসিন্দা নজরুল মন্ডল মাদক সেবনের সময় স্থানীয় যুবসমাজ তাকে আটক করে। পরে বিষয়টি বালিয়াকান্দি থানা পুলিশকে জানানো হলে এসআই কাঞ্চন ওবায়দুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসাবাদ করেন। এলাকাবাসীর সাক্ষ্য-প্রমাণ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকবিরোধী কার্যক্রমে সাধারণ মানুষের এমন সচেতনতা ও সহযোগিতাকে স্বাগত জানানো হয়েছে।
প্রশাসন আরও জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।