রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পানিতে ডুবে জুনায়েদ নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৯ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম চরের মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জুনায়েদ ওই এলাকার জিল্লু মণ্ডলের দুই বছরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে টিউবওয়েল পানি নিষ্কাশনের জন্য খোঁড়া একটি হাউজে অসাবধানতাবশত পড়ে যায় শিশু জুনায়েদ। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাড়ির আশপাশে খোলা গর্ত, হাউজ ও পানির স্থানগুলো নিরাপদভাবে ঢেকে রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।