
রাজধানীর বনানী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিছিল শেষে ফেরার পথে ১৪ জনকে গ্রেফদার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) ভোরে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান।
তিনি জানান, সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে একটি মাইক্রোবাসসহ ওই ১৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ।
গ্রেফতার হলেন– মোতাহের হোসেন শুভ (৩০), মারুফুল ইসলাম (২৪), তানভীর আহম্মেদ সানী (২৪), ওয়ালিউল্লাহ ফারুক আদর (১৮), মো. সামির চৌধুরী ওরফে লিয়ন (১৮), মো. ইমন আলী খাঁন (১৯), মো. তাইবুর সাইফ (১৮), মো. ইয়াছিন আরাফাত আবির (২১), মো. সিফাত রহমান (১৯), ইয়াছিন আরাফাত নিহাদ (২০), মো. নাজমুল সরকার (১৯), মো. আবির হোসেন (২১), মো. তৌকির তারেক আয়াজ (২২) ও মো. হাবিবুর রহমান (৪৭)।
বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) জানে আলম জানান, গ্রেফতারদের বনানী থানার একটি পুরাতন মামলায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা করা হয়নি।