
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১টি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্ট ফান্ড থেকে মোট ৭৭ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তার চেক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, বিআরটিএ পরিদর্শক, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং সহায়তাপ্রাপ্ত পরিবারের সদস্যরা।
বিআরটিএ ট্রাস্ট ফান্ডের আওতায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহতদের ৩ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা শুধু প্রাণহানিই ঘটায় না, অনেক পরিবারের স্বপ্ন, আশা ও জীবিকার ভিত্তিও ধ্বংস করে দেয়। সরকারের এই মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতার বহিঃপ্রকাশ এবং তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর পথে প্রেরণা জোগাবে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চালক, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
চেক গ্রহণের সময় অনেক স্বজনহারা পরিবার আবেগাপ্লুত হয়ে পড়ে। কারও চোখে ছিল প্রিয়জন হারানোর বেদনা, আবার কেউ কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।