সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় গত ২৩ থেকে ২৯ এপ্রিল সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল—”পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”।
অনুষ্ঠানে স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ দিদারুল আহসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল হুদা তালুকদার, মেডিকেল অফিসার ডাঃ মিনহাজুস সালেকীন প্রমুখ। এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডাঃ মোঃ রাসেল বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টির কোনো বিকল্প নেই। শরীরের শক্তি বৃদ্ধি, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো ও ক্ষয়পূরণের জন্য আমাদের প্রতিদিন পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুষ্টি বিষয়ক রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ (২৩-২৯ এপ্রিল) এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য উপজেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা শিক্ষা অফিসারসহ বক্তারা প্রতিদিন সুষম খাবার গ্রহণের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। পাশাপাশি নিয়মিত শারীরিক পরিশ্রম এবং পরিমিত বিশ্রামের প্রয়োজনীয়তা তুলে ধরেন।