বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় শিশু তাসিন হত্যার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাজিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন সবজি চাষে ক্ষুদ্র কৃষকের স্বচ্ছলতা সাভারে পৃথক স্থান থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার এল নিনোর প্রভাবে তীব্র খরা, জরুরি পদক্ষেপ নিচ্ছে এল সালভাদর ও পানামা ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী কাজিপুরের সোনামুখী ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত আসাদুজ্জামান বিপ্লব রাজবাড়ীতে দুই নারী ইউপি সদস্যকে ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:12 pm, শনিবার, ২৮ মার্চ, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ পুলিশের নবীন কর্মকর্তাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, আইনের চোখে রাজনৈতিক কর্মী কিংবা প্রান্তিক কৃষক, সবাই সমান। দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের সর্বদা এটি মনে রাখতে হবে।

তিনি আজ (শনিবার) রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চেইন অব কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্বই একটি বাহিনীর শক্তির মূল ভিত্তি। নবীন কর্মকর্তাদের এটি মাথায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং জনবান্ধব এক নতুন পুলিশিং ব্যবস্থার স্বাদ দেশবাসীকে উপহার দিতে হবে।

মন্ত্রী বলেন, আমরা এমন এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে নবীন কর্মকর্তাদের দায়িত্ব অনেক বেশি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার একটি স্বাধীন ও শক্তিশালী ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠনের মাধ্যমে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা ও জ্যেষ্ঠতাকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে।

নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণের সেবক হোন। ব্রিটিশ আমলের সেকেলে পুলিশ আইন পরিবর্তন করে সময়োপযোগী আইন প্রণয়ন করা হচ্ছে। আপনারা অপরাধীর মনে ভয় আর নিরপরাধীর মনে প্রশান্তি জাগাবেন।’ 

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ডিজিটাল অপরাধ দমনে নবীন কর্মকর্তাদের সর্বোচ্চ কারিগরি জ্ঞান অর্জনের তাগিদ দেন তিনি।

নবীন কর্মকর্তাদের ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সৈনিক অভিহিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আইনের প্রতি অবিচল আস্থা ও দেশের নাগরিকদের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতাই হবে আপনাদের কর্মের মূল ভিত্তি।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে পদক বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমান।

এছাড়া জাতীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং নবীন কর্মকর্তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাসিং আউট প্যারেড শেষে নবীন সহকারী পুলিশ সুপাররা দেশের বিভিন্ন জেলায় ৬ মাসের বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য পদায়িত হবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই ব্যাচে মোট ৭২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিস এএসপি আহমেদ সাদমান সাকিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com