ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফেরদৌসী বেগম (৪০) নামক এক মাদ্রাসা শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌরসভার শিমরাইল গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসীর বরাতে জানা যায়, নিহত ওই নারী ঈশ্বরগঞ্জ পাটবাজার জামে মসজিদের ইমাম ও দারুল উলুম উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ ইউসুফ আলীর স্ত্রী। তিনি একই মহিলা মাদ্রাসার শিক্ষিকা ছিলেন।
নিহত নারীর স্বামী ইউসুফ আলী জানান, তার স্ত্রী গত প্রায় ১৫ দিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে রান্নাবান্না সম্পন্ন করে পরিবারের সবার সাথে খাবার খান তিনি। পরে দুপুরে বাড়ির সবার অগোচরে বাথরুমে প্রবেশ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে ঈশ্বরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (রাসেল) ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই নারী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ বা সন্দেহ না থাকায় সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি ইউ ডি (অপমৃত্যু) মামলা রুজু করা হয়েছে।