বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেজো ছেলে ও প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাফায়েতুল ইসলাম কিশোরগঞ্জ-১ আসনে (সদর-হোসেনপুর) আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য তাঁর ছোটবোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। বোনের আসনে মনোনয়ন পেতে সভা-সমাবেশ ও জনসংযোগ করে যাচ্ছেন তিনি।
এ ধারাবাহিকতায় আজ শনিবার দুপুরে জেলা সদরে এক মতবিনিময় সভায় সৈয়দ সাফায়েতুল ইসলাম কোনো রাখঢাক না করে দলের মনোনয়ন চাইবেন বলে বক্তৃতায় উল্লেখ করেন।
এ সময় তিনি উপস্থিত লোকজনের কাছে মনোনয়ন পেলে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিন দুপুরে জেলা শহরের সমবায় কমিউনিটি সেন্টারের হল রুমে সৈয়দ সাফায়েত-সৈয়দা মাহবুবা ফাউন্ডেশন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ভিশন-২০৪১ ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ‘আমার ভাই সৈয়দ আশরাফ মারা গেছেন ৫ বছর হয়েছে। মানুষ বলাবলি করে জেলা শহরে কোনো উন্নয়ন হয় নাই। ভাই যে চেষ্টা করেছিল, যে বরাদ্দ এনেছিল, ভাই মারা যাওয়ার পর সব বরাদ্দ বন্ধ হয়ে গেছে।
এসব বরাদ্দ পরে অন্য কোথাও চলে গেছে, পানির দেশে চলে গেছে।’
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ সাফায়েতুল ইসলাম তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত মেডিক্যাল কলেজ হাসপাতালের দুর্বস্থার চিত্র বর্ণনা করে বলেন, আজকে শুনি মেডিক্যাল কলেজ চলে না। এখানে চিকিৎসার নামে ব্যবসা হয়, রোগীরা খাদ্য পায় না। বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট, ওষুধ নাই, ডাক্তার নাই, একটা খোল পড়ে আছে।
কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পেলে যদি আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেন তবে আমার প্রথম দায়িত্ব হবে এই মেডিক্যাল কলেজকে সাইজ করা। যদি এই কাজে আমি ফেল করি তবে সঙ্গে সঙ্গে পদত্যাগ করব। কোনো রোগী ঢাকা ময়মনসিংহ যাবে না। আমারও চিকিৎসা এখানে হবে, আপনারা মনে রাইখেন। মরলে এইখানে মরব, মারা গেলে যশোদল দামপাড়া নিয়া আমারে কবর দিবেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দ সাফায়েত-সৈয়দা মাহ্বুবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সৈয়দ সাফায়েতুল ইসলামের স্ত্রী সৈয়দা নাজমা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, রশিদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজু, বৌলাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, রশিদাবাদ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান সোহাগ, বৌলাই ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম পাভেল, কিশোরগঞ্জ শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিফাত আহমেদ বচন।