আর্ত মানবতার সেবায় এবং জাতিসংঘের এসডিজি বাস্তবায়নে ঢাকার সাভারে ফ্রি ফাস্টএইড মেডিকেল ক্যাম্প করেছে ইউএনএফ নামে একটি বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠান।
আজ (শনিবার) সকাল ১০টায় সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির প্রধান ফটকে তিনদিন ব্যাপী এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেত্রী মাহবুবা পারভীন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আব্দুস সবুর খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএনএফ (ইউনিভার্সাল ন্যাটিভ ফাউন্ডেশন) এর নির্বাহী পরিচালক ও জাতিসংঘের ভলেন্টিয়ার তোফায়েল হোসেন তোফাসানি, ইউএনএফের সহ- সভাপতি মোহাম্মদ আসলাম হোসেন, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন টিপু, স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী ও ইউএনএফ সদস্য শিউলী নিপা প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ভিডিও কলের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শসহ অসহায় ও নিম্ন বৃত্ত রোগীদের ব্যবস্থাপত্র এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়ও স্বাস্থ্য সচেতনতায় ইউএনএফ ভলেন্টিয়াররা রোগীদের সাথে আলাপ করেন।

আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) মেডিকেল ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ।
ইউএনএফের নির্বাহী পরিচালক তোফায়েল হোসেন তোফাসানি বলেন, দেশের যে কোন দূর্যোগের সময় আমরা মানুষের পাশে সব ধরনের সহযোগিতা নিয়ে দাঁড়াচ্ছি। ২০০৫ সাল থেকে মানবাধিকার রক্ষা, ন্যয় বিচার প্রতিষ্ঠা, স্বাস্থ্য সচেনতা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত সকল কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। ইউএনএফ ভলেন্টিয়াররা এখন দেশ ছেড়ে বহির্বিশ্বে ছড়িয়ে পরেছে।