
সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক একাধিক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা এবং ১৭০ পিস ইয়াবাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, গত রাতে প্রথম অভিযানে সাভার মডেল থানার কলমা এলাকা থেকে এসআই শাহাদাৎ হোসেন অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা এবং ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন— নিপা আক্তার ঢুলি (৫০) ও মোঃ রফিক (৪৮)। উদ্ধারকৃত ১ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা এবং ১০০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। উল্লেখ্য, গ্রেফতারকৃত নিপা আক্তার ঢুলির বিরুদ্ধে পূর্বেও ১টি মাদক মামলা রয়েছে।
একই রাতে দ্বিতীয় অভিযানে সাভার মডেল থানার উপজেলা মডেল মসজিদ এলাকা থেকে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ জহিরুল ইসলাম প্রকাশ ওরফে জাহাঙ্গীর (৩২) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
শেষ অভিযানে আশুলিয়া থানার কবিরপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ইমরান হোসেন (২২) নামের অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মোট আনুমানিক মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।