
সিএনআই নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে লক্ষ লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত হলেও সরকারিভাবে তেমন ত্রাণ তৎপরতা নেই।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরের উপকন্ঠ বাঙ্গিবেচা ঘাটে বানভাসি মানুষের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মির্জা আলমগীর বলেন, পুরো দিনাজপুর শহর ডুবে গেছে। বন্যার্ত মানুষের পাশে সরকার দাঁড়াচ্ছে না। শহরের বন্যার্তদের জন্য সরকার মাত্র তিন টন চাল এবং পাঁচ হাজার টাকা দিয়েছে।
ষোড়শ সংশোধনী রায়ের কথা উল্ল্যেখ করে ফখরুল বলেন, আওয়ামী লীগের সরকারে থাকার যে বৈধতা নেই তা ষোড়শ সংশোধনী বাতিলের ফলে প্রতিষ্ঠিত হয়েছে। এ রায়ের পর্যবেক্ষনের মধ্যে এমন কিছু বেরিয়ে এসেছে যা ধ্রুতারার মতো সত্য। কিন্তু এটা তারা মেনে নিতে পারছে না। তাদের যে একদলীয় চিন্তা ভাবনা মানসিকতা এটাকে তারা প্রতিষ্ঠিত করবার জন্য এখন চিৎকার শুরু করেছে। শুধু তাই নয়, এখন তারা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি এ.জেড.এম রেজওয়ানুল হক, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মিন্টু, খালেকুজ্জামান বাবুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।